স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। “এবার চলো যুদ্ধে মাদকের বিরুদ্ধে”-এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত অভিযানে একের পর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের এমন সক্রিয় অভিযানে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তির আভাস দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। রাত নামলেই বিভিন্ন অলিগলি ও নির্জন স্থানে মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে-এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই।
সোনারগাঁ থানার পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চালানো একাধিক অভিযানে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।
মাদকবিরোধী এই অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ।
ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন, সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে কঠোর ভূমিকা পালন করছে। ধারাবাহিকভাবে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এই অভিযান অব্যাহত রাখতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, থানা পুলিশ যখন আপনার এলাকায় মাদকবিরোধী অভিযানে যাবে, তখন আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা যদি পুলিশের পাশে থাকেন, আমাদের উৎসাহ দেন এবং সাহস যোগান, তাহলে আমরা বিশ্বাস করি-সোনারগাঁকে মাদকমুক্ত করা সম্ভব।
ওসি আরও জানান, অনেক সময় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সাক্ষী ও তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কেউ যদি মাদক কারবারিদের অবস্থান বা তাদের চলাচল সম্পর্কে তথ্য জানেন, তাহলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। অভিযানের সময় স্থানীয়দের সহযোগিতায় মাদক কারবারিদের সহজে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দা মো. খায়রুল আলম খোকন বলেন,গত কয়েক মাস ধরে এলাকায় মাদকের ছড়াছড়ি অনেক বেড়ে গিয়েছিল। রাত হলেই বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা দেখা যেত। এতে পরিবারগুলোও আতঙ্কে ছিল, বিশেষ করে তরুণদের নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম।
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন,পুলিশের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে আমরা মাদক নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এখন মনে হচ্ছে প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। এই অভিযান যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে এলাকায় মাদক অনেকটাই কমে যাবে বলে আশা করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান মাদকবিরোধী কার্যক্রমকে গুরুত্ব সহকারে দেখছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তিনি মাদক নির্মূলে প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।
সোনারগাঁ থানার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে মন্তব্য করছেন।তাদের মতে, প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা বাড়ানোও জরুরি। তবেই মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

ডেস্ক : 


















