ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বৃষ্টির মধ্যেও থেমে নেই কর্মব্যস্ততা

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬

বৃষ্টির মধ্যেও থেমে নেই কর্মব্যস্ততা

‎টানা বৃষ্টির মধ্যেও থেমে নেই নারায়ণগঞ্জের বন্দরের মানুষের কর্মব্যস্ত জীবন। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও নৌকায় উত্তাল শীতলক্ষ্যা নদী পারাপার করেছেন।
‎সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে কখনো কমে, কখনো বাড়লেও রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মস্থলে যাওয়া কিংবা প্রয়োজনীয় কাজে নদী পারাপার বন্ধ হয়নি। বিশেষ করে নবীগঞ্জ ঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের উল্লেখযোগ্য চাপ দেখা যায়।‎
‎মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ ঘাটে গিয়ে দেখা যায়, একের পর এক ট্রলার ও নৌকায় যাত্রীরা নদী পার হচ্ছেন। অনেকের মাথায় ছাতা, কেউ আবার ভিজেই নৌকায় উঠছেন। নদীতে ঢেউ থাকলেও জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়েই গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। ট্রলারগুলোতে ধারণক্ষমতার কাছাকাছি যাত্রী বহন করতে দেখা যায়, যা নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি করেছে।
‎ঘাটে অপেক্ষমাণ কয়েকজন যাত্রী জানান, বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে কাজ বন্ধ রাখার সুযোগ তাদের নেই। প্রতিদিনের আয়ের ওপরই পরিবারের জীবিকা নির্ভর করে। তাই ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে নদী পার হতে হচ্ছে।
‎স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে শীতলক্ষ্যা নদীতে স্রোত ও ঢেউ বেড়ে যায়। এমন সময় ট্রলার ও ছোট নৌকায় পারাপারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। তারা নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
‎বৃষ্টি, স্রোত কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুই যেন থামিয়ে রাখতে পারেনি বন্দরের মানুষের জীবনসংগ্রাম। প্রকৃতির প্রতিকূলতাকে সঙ্গী করেই প্রতিদিনের মতো জীবিকার সন্ধানে শীতলক্ষ্যা পাড়ি দিয়ে চলেছেন তারা।

Link copied!