নারায়ণগঞ্জে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় পুনর্গঠন কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত ‘একক’ প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রের এ সিদ্ধান্তের প্রভাব নারায়ণগঞ্জে পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি পুনর্গঠন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এবং দলীয় কোন্দল নিরসনে গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে পুনর্গঠনের সময় বিতর্কিত ব্যক্তি বা ভিন্ন দল থেকে আসা কাউকে তড়িঘড়ি করে নেতৃত্বে না আনারও নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও দল-সমর্থিত প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় তারেক রহমান বলেন, নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নারায়ণগঞ্জেও সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম জোরদার হওয়ার আভাস পাওয়া গেছে। মহানগর ও জেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, যেসব ইউনিটের কমিটির মেয়াদ শেষ হয়েছে বা সাংগঠনিক কার্যক্রম স্থবির রয়েছে, সেগুলো দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজও ধাপে ধাপে শুরু হবে।
নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনের আগেই পুনর্গঠন শেষ করতে পারলে তৃণমূলে সাংগঠনিক শৃঙ্খলা ফিরবে এবং দলীয় সমর্থিত একক প্রার্থী নির্ধারণও সহজ হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় অভ্যন্তরীণ সমন্বয় নিশ্চিত করাকেই এখন বিএনপির অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :