সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশকে ঘেরাও করে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার আসামী ও রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে (৪২) ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুরুষ শূন্য চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা। চনপাড়ার বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছে। বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ। গতকাল ৬মে বুধবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া শামীম মিয়াকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করা যায়নি। উদ্ধার করা যায়নি লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।
এঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাঁধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আতংকে পুরো চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। পুলিশের অভিযানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এঘটনায় জড়িতদের পাশাপাশি অন্যরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এদিকে পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৫মে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ আদেশ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ব্যবসায়ী আলী আজগর বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হোক। নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গৃহবধূ আকলিমা আক্তার বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সব সময় ভয়ে রয়েছি। এখনও আতংক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গত ৫মে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মূহুর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে। শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এঘটনায় ১২জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
সংবাদ শিরোনাম ::
পুরুষ শূন্য চনপাড়া
-
ডেস্ক : - আপডেট সময় ৫৭ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















