জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এলাকার সাংবাদিকরা সঙ্গে থাকলে নেত্রকোনা-১ আসনের আমুল পরিবর্তন ঘটাতে পারব।
তিনি বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই। কাজের জবাবদিহিতার জন্য স্থানীয় সাংবাদিকগণ সঙ্গে থাকলে এলাকার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে। সেজন্য সাংবাদিকদের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণ, সম্মাননা প্রদান এবং তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে কাজ করে থাকে, তারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। দীর্ঘদিনের পচনশীল রাজনৈতিক কাঠামো ও দূষিত রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে সাংবাদিকদের লেখনী জরুরি। আপনারা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবে।
রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের তীব্র সমালোচনা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা বিত্তশালী যদি সাধারণ মানুষের সম্পদ, মসজিদ বা মন্দিরের জায়গা দখল করে, তবে তা মেনে নেওয়া হবে না। আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে গারো, হাজং, হিন্দু, মুসলিম ও খ্রিস্টান- সবাই সমান অধিকার ভোগ করবে। আইনের চোখে সবাই সমান, এখানে কেউ কারো অধিকার খর্ব করতে পারবে না।
দুর্গাপুরের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগেই দিয়েছিলেন এবং বর্তমানে সেটির ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর একটি সেতু এবং মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক মেগা প্রকল্পের ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, নেত্রকোনা সদর ও পূর্বধলার সংসদ সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় খুব শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবে।
স্থানীয়দের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় ‘বালু উত্তোলন’ প্রসঙ্গেও তিনি স্পষ্ট বক্তব্যে বলেন, অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন করে মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভারি করার সহজ পন্থা আমরা বন্ধ করতে চাই। যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। নদী ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রেখে, বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। যা একইসঙ্গে পরিবেশ রক্ষা করবে এবং অর্থনৈতিক উন্নয়নও ঘটাবে। এমন কাজেও সাংবাদিকদের সহায়তা চেয়েছেন তিনি।
দুর্গাপুর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লার সঞ্চালনায়, প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. দিবালোক সিংহ, প্রেস ক্লাব সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক।
এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক : 


















