স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১২ দলীয় জোটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন জোটের নেতারা। এতে বাংলাদেশ এলডিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক কামাল প্রধান, প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের শুরুতে তিনি উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার প্রতীক।
তিনি বলেন, বাংলাদেশ এলডিপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা সবসময় জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। ১২ দলীয় জোটে থেকে দলটি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি জোটের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জোটের আহ্বায়ক একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতা, যার নেতৃত্বে ১২ দলীয় জোট আরও শক্তিশালী হবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। বিশেষ করে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, যা দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর মধ্যকার উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয়গুলো জনগণের জীবনে চাপ সৃষ্টি করছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আগের সরকারের অনিয়ম ও দুর্নীতির প্রভাব কাটিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
তিনি বলেন, সরকার মাত্র অল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে। জনগণের সমর্থন নিয়েই এই সরকার গঠিত হয়েছে এবং জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তিনি জোর দিয়ে বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস, এবং সেই জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ১২ দলীয় জোট ও সাধারণ জনগণ তা প্রতিহত করবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জানান, খুব শিগগিরই বাংলাদেশ এলডিপি ও ১২ দলীয় জোটের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া নারায়ণগঞ্জ জেলায় একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচন নিয়ে জোটের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন এবং মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সবশেষে আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

ডেস্ক : 



















