সোজাসাপটা রিপোর্ট
রূপগঞ্জের তিন শতাধিক স্পটে মাদক কেনাবেচা চলছে। কোনোভাবেই যেন বন্ধ করা যাচ্ছে না মাদক বিকিকিনি। মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৫ মার্চ রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে মাদকের স্পট রয়েছে একশর অধিক। ৩০/৩২টি সিন্ডিকেট এই স্পট নিয়ন্ত্রণ করে। গোলাকান্দাইল সাওঘাট এলাকার একটি পরিত্যক্ত ভবনের ভেতরে মাদক মজুত করা হয়। গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকা, গোলাকান্দাইল উত্তরপাড়া বালুরমাঠ, কালী মজলিসের বাগ, মুসলিমপাড়া কাঁঠালবাগান, তারাবো পৌরসভার হাটিপাড়া, নোয়াপাড়া, বরাবো, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, বাগবাড়ী, দেলপাড়া, নয়ামাটি, কামশাইর, বরুণা এলাকা রীতিমতো মাদকের ডিপো করা হয়েছে। গোয়ালপাড়া ও পূর্বাচল উপশহরেও মাদকের রমরমা বাণিজ্য চলছে। রাতালদিয়া, সাওঘাট, পূর্ব দরিকান্দি, মাছিমপুর, রূপসী সুইসগেট, কালাদি, আতলাশপুর, হাটাবো টেকপাড়া, গন্ধর্বপুর, দক্ষিণ মাসাবোসহ আরো অনেক এলাকায় মাদকের ব্যবসা এখন জমজমাট। তারাবো দক্ষিণপাড়ার নবী হোসেন, নাজমুল, রাসেল, তারাবো উত্তরপাড়ার মানিক, রিফাত, বিল্লাল ও ইমন অবাধে মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চনপাড়ায় যে মাদকের সিন্ডিকেট রয়েছে সেখানে কয়েক শ নারী রয়েছেন। কখনো মাদকব্যবসায় ব্যবহার করা হচ্ছে বেদে বহর, কখনো লবণবাহী সাম্পান, আবার কখনো সিমেন্টের ক্লিংকারবাহী কার্গো জাহাজ।
হেরোইন, ইয়াবা, ফেন্সিডিলের পাশাপাশি স্কাফ, আইসপিল, টিডিজেসিক ও লুপিজেসিক ইঞ্জেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্যে হাতের নাগালেই মিলছে।
ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আধুরিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় পাঁচ শতাধিক শিল্পকারখানা রয়েছে। এসব শিল্পকারখানায় রয়েছে কয়েক লাখ শ্রমিক। এদের মধ্যে বিপুল সংখ্যক শ্রমিক নেশায় জড়িয়ে পড়ছে। তারা যে ছোট ছোট খুপরি ঘর কিংবা মেস ভাড়া করে বাস করেন সেখানে মাদকব্যবসায়ীরা ফেরি করে মাদকদ্রব্য সরবরাহ করছে।
সড়ক ও নৌপথে মাদকদ্রব্য আসে। মাদক প্রবেশের সবচেয়ে নিরাপদ রুট হচ্ছে বালু নদ। এ নদে পুলিশ টহলের ব্যবস্থা না থাকায় মাদকব্যবসায়ীরা নির্বিঘ্নে ইঞ্জিনচালিত ট্রলারযোগে মাদক নিয়ে আসে। এছাড়া শীতলক্ষ্যা নদীপথে পণ্যবাহী জাহাজে করে মাদক আসে রূপগঞ্জে। সেই সঙ্গে এশিয়ান হাইওয়ে দিয়ে বিভিন্ন যানবাহনে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক আসে রূপগঞ্জে। আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া থেকেও ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মাদক
আসে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হচ্ছে মাদকের ট্রানজিট পয়েন্ট। আখাউড়া, কুমিল্লা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক বাস, নাইট কোচ, সংবাদপত্র বহনকারী মোটরসাইকেল কিংবা ট্রাকযোগে ঐ এলাকায় মাদক আসে।
চনপাড়া বস্তিতে মাদকব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনাও। স্থানীয় প্রশাসন মাদকব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। অভিযানের খবর পেয়ে মাদকব্যবসায়ীরা নিরাপদে চলে যায়। পুলিশের অভিযান ব্যর্থ হয়। মাদকব্যবসায়ীরা নানা কৌশলে মাদক বহন করে থাকেন। মাদক বহনের কাজে ব্যবহার করা হয় টোকাই ও শিশু-কিশোরদের। অধিকাংশ ক্ষেত্রে শিশু, কিশোর ও মহিলাদের দিয়ে মাদক বহন করা হয়। মহিলাদের স্পর্শকাতর জায়গায় রেখে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন ও গাঁজা বহন করা হয়।
গত একযুগে নেশার কাজে বাধা দেওয়া ও প্রতিবাদ করায় ২০/২২ জন খুন হয়েছেন। রূপগঞ্জের তারাবো পৌরসভার মাদকবিরোধী কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক প্রধান বলেন, মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেককেই আরো সচেতন হতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে। রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলে। রূপগঞ্জে অনেক দুর্গম ও চনপাড়া বস্তি এলাকাটা ঘিঞ্জি। টের পেয়ে পুলিশ ঢোকার আগেই মাদককারবারিরা নিরাপদে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদকব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, মাদকব্যবসা ও সেবন নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভাসমাবেশ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছে। শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সফলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘মাদকব্যবসার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। মাদকব্যবসায়ীদের সঙ্গে আমার কিংবা রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। নেতাকর্মীদের কেউ মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করে তাকে আইনের আওতায় আনা হবে।’
সংবাদ শিরোনাম ::
তেলের দাম নিয়ে হাহাকার, নিজের উপদেষ্টাদের ব্যাঙ্গ করলেন ট্রাম্প
হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরাইলের জন্য এখনো ‘অসাধ্য’
টিপুকে কটুক্তি, আলামিন শোকজ
সড়ক সংস্কারে অনিয়ম, এমপি নির্দেশনা
‘সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা দেওয়া হবে’
দুপুরে খেয়ে এসে দেখি ফ্যাক্টরি বদ্ধ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার মান্নানের
হকার উচ্ছেদে সড়কে কমেছে বর্জ্য
হাম উপসর্গে শনাক্ত ৭৯
৩শ স্পটে মাদক কেনাবেচা
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















