স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-ঢাকা রুটসহ জেলার বিভিন্ন সড়কে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ তুলে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন-নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (৭ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, চাষাড়া থেকে ঢাকা জিরো পয়েন্ট পর্যন্ত দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। সরকার নির্ধারিত হিসাবে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়লে পূর্বের ২ টাকা ৪২ পয়সার সঙ্গে যোগ হয়ে নতুন ভাড়া দাঁড়ানোর কথা ২ টাকা ৫৩ পয়সা। সে হিসাবে মোট ভাড়া হওয়া উচিত প্রায় ৪৩ টাকা। কিন্তু বর্তমানে উৎসব ও বন্ধন পরিবহন এই রুটে যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে ভাড়া আদায় করছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া বিআরটিসি এসি সার্ভিসেও ৬০ টাকার পরিবর্তে ৭০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। একইভাবে চাষাড়া থেকে কাচপুর রুটে ১২ দশমিক ৫ কিলোমিটার দূরত্বে নিয়ম অনুযায়ী ভাড়া বৃদ্ধির পরিমাণ কম হওয়ার কথা থাকলেও বর্তমানে ৩৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
পঞ্চবটি থেকে গুলিস্তান রুটেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সরকারের সীমিত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে পুঁজি করে পরিবহন মালিকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন তারা।
আবেদনে বলা হয়, প্রতিটি লোকাল স্ট্যান্ডে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন এবং তা কার্যকর করার নিয়ম থাকলেও বাস্তবে অধিকাংশ পরিবহন মালিক ও চালক তা মানছেন না। এতে প্রতিদিন সাধারণ যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও ভোগান্তির ঘটনা ঘটছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে সীমিত আয়ের মানুষ মাস শেষে আর্থিক সংকটে পড়ছেন। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, নিম্ন আয়ের চাকরিজীবী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে লিখেন, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভাড়ার তালিকা কার্যকর এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আবেদনে স্বাক্ষর করেন শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন-নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আঃ নবী যবিন আব্দুর রব রবিন, ফেডারেশনের সমন্বয়ক মাহমুদ হোসেন এবং বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির প্রচার সম্পাদক মো. আলী মোহাম্মদ আলীসহ নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















