স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার আহ্বান জানিয়ে হকারদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। অন্যদিকে হকাররা পুনর্বাসনের পূর্বে ও ঈদ উপলক্ষে বিকেল পাঁচটা থেকে ফুটপাতে ব্যাবসা করতে চান বলে জানিয়েছেন। তবে, আশা বলেছেন, সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। বিকল্প চিন্তা করতে হবে।
বুধবার (৬ মে) রাতে আবুল কাউসার আশার রাজনৈতিক কার্যালয়ে যান হকাররা। এ সময় তাদের মধ্যে প্রায় এক ঘন্টা আলাপ চলে।
আলাপে এমপির রাজনৈতিক সচিব সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেন, “আন্দোলন ও মিছিলের কারণে পরিস্থিতি উত্তপ্ত হলে হকারদের ভোগান্তি আরও বাড়বে। ইতোমধ্যে দোকান উচ্ছেদের পাশাপাশি সংঘর্ষের ঘটনায় মামলাও হয়েছে। এ অবস্থায় নতুন করে গ্রেপ্তার হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ হকার ও তাদের পরিবারগুলো।”
আশা বলেন, “আপনারা বলছেন, হকারদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের লোকজন ইন্ধন দিচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের মাধ্যমেই।”
“যাদের পাল্লায় পড়েছেন তারা আপনাদের ব্যবহার করবে শেষ পর্যন্ত বিপদে পড়বেন আপনারাই,” হকার নেতাদের উদ্দেশ্যে বলেন তিনি।
তিনি আরও বলেন, “শুরু থেকেই যদি হকাররা পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতা করতেন, তাহলে সিটি করপোরেশন প্রশাসক ও জেলা প্রশাসকের সঙ্গে বসে সমাধানের পথ বের করা যেত। আপনাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই। আপনারা সম্মান দিয়ে উঠে গেছেন। এখন পুনর্বাসনের জন্য যে আন্দোলন প্রয়োজন, সেটি আপনাদের সঙ্গে নিয়েই করবো। তবে সেটি হবে রাস্তা ছেড়ে।”
তিনি জানান, “নারায়ণগঞ্জবাসী চায় শহরের রাস্তা ও ফুটপাত হকারমুক্ত থাকুক। ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে হকারদের পুনর্বাসনের দাবিও যৌক্তিক। কোথায় এবং কীভাবে পুনর্বাসন করা হলে হকারদের উপকার হবে, সে বিষয়ে যৌক্তিক প্রস্তাব দিতে হকার নেতাদের আহ্বান জানান তিনি।”
“প্রয়োজনে মিছিল, মিটিং বা সিটি করপোরেশন ঘেরাওয়ের মতো কর্মসূচিতেও আমরা আপনাদের সঙ্গে থাকবো। কিন্তু নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ফুটপাত মুক্ত রাখতে হবে।”
অন্যদিকে জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনি মুঠোফোনে বলেন, “ঈদকে সামনে রেখে বিকেল ৫টার পর বসার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তিনি ২-৩ দিন সময় চেয়েছেন।”
এ হকার নেতা আরও বলেন, “জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বসে একটি সমাধানের চেষ্টা করবেন। আমরা প্রত্যাশা করি, সবাই একত্রে বসলে হকারদের জন্য একটি সুব্যবস্থা হবে।”
সংবাদ শিরোনাম ::
‘পুনর্বাসন হবে, সড়কে বসা যাবে না’
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















