স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এক নববধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। সর্বশেষ হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় স্বামীর পরিবারকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার চর বয়রাগাদী গ্রামের বাসিন্দা মোঃ দিলদার হোসেন (৪৩) তার মেয়ে রাকিবা (১৯)-এর খোঁজ না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ৮ মাস আগে মুসলিমনগর নয়া বাজার এলাকার সানি (২২)-এর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক তার মেয়ের বিয়ে হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই সানি বিভিন্ন অজুহাতে রাকিবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। প্রায়ই তাকে মারধর করা হতো এবং অশোভন আচরণ করা হতো। রাকিবা এসব বিষয়ে জানতে চাইলে সানি নাকি জানাতো, এই বিয়েতে সে কোনো লাভবান হয়নি। এমনকি সে অন্য নারীদের সাথে সম্পর্কে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
রাকিবা তার শাশুড়ি সায়মা (৪০) ও শ্বশুর আবু তাহের (৪৫)-এর কাছে এসব বিষয় জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে বরং সানিকে উস্কানি দিত বলে অভিযোগ করেন তার বাবা। ফলে দিন দিন নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
ভুক্তভোগীর পরিবার আরও জানায়, একপর্যায়ে সানি রাকিবাকে প্রাণনাশের হুমকি দেয় এবং নতুন করে সংসার করার কথাও বলে। বিষয়টি রাকিবা তার বাবাকে জানালে, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমে তাকে ধৈর্য ধরতে বলেন দিলদার হোসেন। তবে নির্যাতন বন্ধ হয়নি।
ঘটনার মোড় নেয় গত ৬ এপ্রিল ভোরে। সকাল আনুমানিক ৬টার দিকে সানি ফোন করে জানায়, রাকিবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সকাল সাড়ে ৬টার দিকে রাকিবার বাবা-মা শ্বশুরবাড়িতে গেলে তারা মেয়ের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। বরং তাদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করা যায় বলে দাবি পরিবারের।
দিলদার হোসেন অভিযোগ করেন, তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে সানি ও তার পরিবার তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এতে তার সন্দেহ আরও ঘনীভূত হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পরিবারটি এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জনশ্রুতি রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ রাকিবার পরিবার আশঙ্কা করছে, তাকে পরিকল্পিতভাবে গুম অথবা হত্যার শিকার করা হতে পারে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নববধূ নিখোঁজ
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ১৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















