স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০নম্বর ওয়ার্ড রয়েছে সিদ্ধিরগঞ্জের মধ্যে। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে রয়েছে মাদক ক্রেতা ও বিক্রেতাদের অবাধ বিচরণ।
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড, বিদ্যুৎ কেন্দ্র, ডিপিডিসি, র্যাব-১১-এর সদর দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান অবস্থিত। একাধিক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থাকায় এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ থানার অলিগলিতে প্রকাশ্যে মাদকের রমরমা কারবার করে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে উদীয়মান শিক্ষার্থীরা।
সিটি করপোরেশনের ১, ৪, ৬ ও ৭নম্বর ওয়ার্ড বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আর এসব ওয়ার্ডের রাঘববোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে বিক্রি করছে মাদক। সিদ্ধিরগঞ্জে মাদকের হটস্পটগুলো হলো ১নম্বর ওয়ার্ডের হীরাঝিল মাঠ ও পুরোনো পট্টি, মিজমিজি টিসি রোডস্থ হোসেনের বাড়ির আশপাশ, পাগলাবাড়ী, বাতানপাড়া ক্যানেলপাড়, মজিববাগ, সিআইখোলা ও পাইনাদী নতুন মহল্লা কলশি বিল্ডিংয়ের খালপাড়।
২নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া বিল, দশপাইপ শহীদ নগর ডাম্পিং ও হাজেরা মার্কেট। ৩নম্বর ওয়ার্ডের রসূলবাগ, বিক্রমপুর বোর্ডিংয়ের আশপাশ, গ্রীন গার্ডেন রেস্টুরেন্টের পেছনে, বায়তুল সালাম জামে মসজিদ এলাকা এবং আদর্শ নগরের রিকশার গ্যারেজ।
৪ নম্বর ওয়ার্ড্যরে আটি হাউজিং, বাগানবাড়ী, শিমরাইল মোড় ট্রাকস্ট্যান্ড, পরিত্যক্ত টাইগার মিল, মনোয়ার জুট মিল ও তাজ জুট মিল।
৫ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীরপাড়, সাইলোগেট ট্রাকস্ট্যান্ড, আজিবপুর এবং কলাবাগ এলাকা।
মাদকের হটস্পট খ্যাত নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বিহারি ক্যাম্প, সুমিলপাড়া রেললাইন, চরশিমুলপাড়া, নতুনবাজার, এসও রোড কবরস্থানের আশপাশে, এসও রোড ও চরশিমুলপাড়া সাধুর ঘাট, মুনলাইট এবং ক্রাউন ও সাতঘোড়া সিমেন্ট কোম্পানির আশপাশের এলাকা।
৭নম্বর ওয়ার্ডের কদমতলী ১০ তলা সংলগ্ন এমডব্লিউ কলেজের পেছন অংশ, কদমতলী মধ্যপাড়ার মনিরের মাঠ। ৮নম্বর ওয়ার্ড এনায়েতনগরের মেম্বার বাড়ির পেছনে এবং ক্যানেলপাড় এলাকা।
সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকার এক কলেজছাত্র জানান, একসময় এলাকার কিশোর তরুণরা ফুটবল ও ক্রিকেটে মগ্ন থাকতেন। আর এখন তারা মাদকে আসক্ত। এখনই যদি মাদক নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে সামনে আরো ভয়াবহ দিন আসবে।
শিমরাইল এলাকার এক বাসিন্দা জানান, ঘর থেকে বের হলেই দেখেন মাদক কেনাবেচা। দিনরাত চলে এর রমরমা ব্যবসা। নাসিক ৪নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। তিনি চান প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ‘মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। তালিকাভুক্ত স্পটগুলোতে নিয়মিত অভিযান চলছে। ইয়াবা বা হেরোইন আকারে ছোট হওয়ায় এগুলো উদ্ধারে কিছুটা বেগ পেতে হয়, তবে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আমরা সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি। হত্যার মতো বড় বড় অপরাধগুলো মাদক সংশ্লিষ্টতা থেকেই হয়ে থাকে, তাই আমাদের প্রত্যেকটি থানায় মাদকের বিষয়ে রেড অ্যালার্ট জারি করা রয়েছে।’
নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের ইন্সপেক্টর এনামুল বলেন, ‘আমরা নিয়মিত রাস্তাঘাটে তল্লাশি করছি, মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করছি, এত কিছুর পরেও মাদক নির্মূল হচ্ছে না। মাদক সরবরাহের ক্ষেত্রে অপরাধীরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে, যা অনেক সময় আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল জানান, প্রশাসন সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু রেখেছে। ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযানের জন্য বৈঠক করেছেন। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে মাদকের বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হবে।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে বসতবাড়িতে দুর্র্ধষ চুরি
রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি
হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা
বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধর
ডিজেল সংকটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা!
হকারমুক্ত শহর, তবুও কমেনি যানজট
শীতলক্ষ্যা পাড়ে নদী বিষয়ক প্রদর্শনী
চাঁদা না পেয়ে মালামাল ছিনতাই
এনায়েতনগরে আল-আমিনের মতবিনিময়
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন
সিদ্ধিরগঞ্জে বাড়ছে মাদক ব্যবসা
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















