স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকাকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত করতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে র্যাব-১১।
বুধবার (৬ মে) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীটির অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
অধিনায়ক জানান, দীর্ঘ সময় ধরে মাসদাইর এলাকাটি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণে ছিল। গত ৫ মে দুপুরে এই চক্রের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই করতে র্যাবের চার সদস্য ওই এলাকায় যান। তখন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে র্যাবের তিন সদস্য আহত হন। এই হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অত্যন্ত পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৩ জন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
অভিযানকালে সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা। এছাড়া ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন এবং ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. সোহেল রানা, মো. আ. রাজ্জাক, জোবায়ের হোসেন, মো. শামিম আহম্মদ, মিঠুন, মো. ইমন প্রধান, মো. আকাশ, মো. রুবেল, মো. আরাফাত হোসেন, মো. সুজন, মো. হৃদয় মিয়া, মো. টুটুল খান এবং মো. রেজাউল করিম।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাব ১১ অধিনায়ক।
সংবাদ শিরোনাম ::
বিপুল অস্ত্র ও মাদক সহ আটক ১৩
-
ডেস্ক : - আপডেট সময় ৫২ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ



























