সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ফুটপাত দখল করে বেসরকারি ব্যাংক ব্রাক এর প্রচারণামূলক কার্যক্রম ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড পরিচালনা করায় নগর ব্যবস্থাপনার শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে চাষাঢ়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতের ওপর অস্থায়ী স্টেজ নির্মাণ করে ব্যাংকটির মার্কেটিং বিভাগের কর্মীরা প্রচারণা চালাচ্ছেন। স্টেজের সামনে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে গ্রাহক আকর্ষণের চেষ্টা করা হয়। এতে করে পুরো ফুটপাত কার্যত দখলে চলে যায় এবং পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই এ কার্যক্রম চলছিল। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করেন। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাত যদি এভাবে দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের চলাচলের অধিকার কোথায়?
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “সিটি কর্পোরেশন হকারদের উচ্ছেদে কঠোর অভিযান চালায়। কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন এই ধরনের ছাড় দেওয়া হয়, তা আমাদের বোধগম্য নয়।
জানা গেছে, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্পষ্ট নির্দেশনা রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত রাখার চেষ্টা করা হলেও এ ধরনের ব্যতিক্রমী ঘটনার কারণে সেই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম জানান, পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে সড়কে কোন হকার ও অবৈধ স্ট্যান্ড বসতে পারবেনা। এরপর যদি কেউ নির্দেশনা অমান্য করে বসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
ফুটপাত দখল করে ব্রাক ব্যাংকের প্রচারণা!
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























